টিকিট নিয়েও মিললো না সিট বরং কপালে জুটেছে গাল-মন্দ
সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে চলাচলকারী লুসাই পরিবহন লিমিটেড-এর বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক যাত্রীর দেওয়া পোস্টে এমন অভিযোগ তুলে ধরা হয়েছে। ভোক্তভুগী যাত্রী হলেন সাখাওয়াত আজিজ।
ওই যাত্রী জানান, পরিবারসহ সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আসার জন্য তিনি আগেই তিনটি টিকিট সংগ্রহ করেন। নির্ধারিত সময় অনুযায়ী গাড়িতে উঠলেও তিনি কোনো সিট পাননি। বরং কর্তৃপক্ষ তাকে গরম ইঞ্জিনের ওপর বসে যাত্রা করার পরামর্শ দেয়, যা তার পরিবারের জন্য বিশেষ করে কোলে থাকা দুগ্ধপোষ্য শিশুর কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, সিট না পাওয়ার বিষয়ে বারবার প্রশ্ন করলেও পরিবহন কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দেয়নি। এমনকি ফেরি পারাপারের পরও সমস্যার সমাধান হয়নি। ড্রাইভারের কাছে অন্তত একটি সিটের অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয় বলে দাবি করেন তিনি।
যাত্রাপথে ড্রাইভারের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। অভিযোগে বলা হয়, ড্রাইভার অশোভন ভাষা ব্যবহার করেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালান, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে।
এছাড়া চট্টগ্রামের হালিশহরে পৌঁছানোর পর নতুন করে সামগ্রীর জন্য অতিরিক্ত টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন ওই যাত্রী। যদিও তিনি পূর্বেই একটি আলাদা টিকিটের মাধ্যমে মালামালের ভাড়া পরিশোধ করেছিলেন। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছু সময় তার যানবাহন আটকে রাখা হয় এবং পরে তাকে গালিগালাজ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী যাত্রী বলেন, যাত্রীদের নিজস্ব টাকায় ভ্রমণ করেও এ ধরনের হয়রানির শিকার হওয়া দুঃখজনক। তিনি ভবিষ্যতে এ পরিবহনে আর যাতায়াত না করার সিদ্ধান্তের কথাও জানান।
ঘটনার বিষয়ে জানতে পরিবহনটির মালিক পক্ষের মীর মাকসুদ নামে একজনকে ফোন দিলে তিনি অবগত নয় বলে জানান।